শেয়ারবাজারে সূচক বাড়লেও বাড়েনি লেনদেন

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

আগের দিন বুধবার পতন হলেও গতকাল বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও টাকার পরিমাণে লেনদেন বাড়েনি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে—১ হাজার ২৪৮ দশমিক ৫৯ পয়েন্টে, ২ হাজার ১১২ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭৩ দশমিক ২৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির বা ২৮ দশমিক ০১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪২ দশমিক ০১ শতাংশের এবং ১০৭টির বা ২৯ দশমিক ৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ০০২ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।