মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েলের মাটি কাটা হচ্ছে। এছাড়া নদী থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সভায় অবৈধভাবে মাটি কাটা বন্ধের জন্য প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক মো. মোজাহিদুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া ফসলি জমি, নদী, বনাঞ্চল ও এর আশপাশে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের জেল-জরিমানা করা হচ্ছে।
