পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসীরা দাবিকৃত চাঁদা না পেয়ে ভ্যানচালক লুৎফরকে (৩৫) পিটিয়ে আহত করেছে। আহত লুৎফরকে স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
জানা যায়, উপজেলার রঘুরামপুরের মৃত আনসার আলীর ছেলে ভ্যানচালক লুৎফরের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে পাশ্ববর্তী সুজানগর উপজেলার মোবারক পুর গ্রামের মৃত বাতেনের ছেলে চরমপন্থী নেতা রওশন আলম (৪৫)। দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বাড়ি থেকে সন্ত্রাসীরা লুৎফরকে তুলে নিয়ে আসে।
শুক্রবার সকালে রঘুরামপুরের প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লুৎফরকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। লুৎফরের স্ত্রী শেফালী খাতুন (৩২) জানান, ‘সন্ত্রাসী রওশন তার স্বামীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ২০ হাজার টাকা দিলেও বাকি ৩০ হাজার টাকা না দিতে পারায় সন্ত্রাসীরা রাতে ঘর থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রাখে।’
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, দরিদ্র মৎস্যজীবিদের ওপরে চরমপন্থী নেতা রওশন প্রায়ই সন্ত্রাসী তৎপরতা চালিয়ে থাকে। প্রতিবাদ করলে তারা রাতের অন্ধকারে তুলে নিয়ে নিরীহ মৎস্যজীবীদের ওপর অত্যাচার করে থাকে।
আরও পড়ুনঃ আমি শাসক নই জনগণের সেবক হতে চাই
এ ব্যাপারে লুৎফরের ছোট ভাই বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাহাঙ্গীর হোসেন জানান, ‘চাঁদার দাবিতে মারপিটের ঘটনায় আহত লুৎফরের ছোট ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/নূহু

