বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
আগের মানদণ্ড বহাল রেখে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং গুচ্ছ পরীক্ষায় প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবিতে সংহতি সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করেন তারা।
সমাবেশে ভর্তিচ্ছুরা বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম জিপিএ বৃদ্ধি করার কারণে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃহত্ অংশ এবং আমাদের পরিবার অনেক হতাশ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা বলছি না যে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি নিতে হবে। আমরা শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই। এ সময় তারা ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ বৃদ্ধি না করে আগের জিপিএ বহাল রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান। সংহতি সমাবেশ শেষে ভর্তিচ্ছুরা মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুদের মুখপাত্র সানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মো. তানজিম, আবু সাঈদ, গাইবান্ধা কলেজের জাকির, কুমিল্লার দোল্লাই নওয়াবপুর কলেজের গাজী আরমান, নোয়াখালীর মাইজদী কলেজের দাউদ প্রমুখ ভর্তিচ্ছু।
এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন- মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহসভাপতি সাঈয়েদ উল নিশান, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সহকারী সম্পাদক মেঘ মল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের জাবির আহমেদ জুবেলসহ প্রমুখ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
