কার্টুনিস্ট কিশোর ১০ মাস পর জামিনে মুক্ত

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:৫৭

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় ১০ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান। এ সময় কারাফটকে তার স্বজনরা উপস্থিত ছিলেন।

জেলার আবু সায়েম জানান, কিশোরের জামিনের কাগজপত্র বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে পৌঁছায়। পরে ঐ কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে গত বছরের ২৬ আগস্ট এ কারাগারে পাঠানো হয়েছিল।

এর আগে কিশোরের করা জামিন আবেদনের শুনানি শেষে গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও         বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন।

জানা গেছে, ঢাকার রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের মে মাসে গ্রেফতার হন কার্টুনিস্ট আহমেদ কিশোর। একই মামলায় গ্রেফতার হওয়া কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দি লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।