যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ফের হামলার আশঙ্কায় প্রতিনিধি পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার একটি মিলিশিয়া গোষ্ঠী হিলে হামলা চালাতে পারে এই সতর্কবার্তা আগেই এসেছিল গোয়েন্দাদের কাছ থেকে। খবর রয়টার্সের
ট্রাম্পপন্থি ষড়যন্ত্র তাত্ত্বিকদের জন্য ক্যালেন্ডারে ৪ মার্চ তারিখটি গুরুত্বপূর্ণ। ১৯৩৩ সালের পূর্ব পর্যন্ত এই দিনেই মার্কিন প্রেসিডেন্টরা শপথ নিতেন। ষড়যন্ত্র তাত্ত্বিকদের অনেকেই এই তথ্য ছড়িয়ে দেন, এই ৪ মার্চও প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেবেন। যদিও গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এক বুলেটিনে সতর্কবার্তা জারি করে যে, কিউঅ্যানন নামের একটি গ্রুপ এবং চরমপন্থি মিলিশিয়া গ্রুপ গত ফেব্রুয়ারিতে আলোচনা করেন যে, তারা ৪ মার্চ হামলা চালিয়ে ক্যাপিটল হিল দখল করবে এবং আইনপ্রণেতাদের বের করে দেবে। ক্যাপিটল হিলে হামলার দায়িত্বে থাকা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কবার্তা পাওয়ার পরই তারা নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছেন। তারা জানিয়েছেন, যে কোনো ধরনের হামলা নস্যাত এবং প্রতিনিধি পরিষদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন পুলিশও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে। ডেমোক্রেটিক পার্টির এক সহযোগী জানিয়েছেন, হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবারের অধিবেশন স্থগিত করা হয়।
