কনসালটেন্ট ব্যয় ৬ কোটি টাকা, প্রকল্প এলাকায় যাননি কেউ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:০১

রাষ্ট্রায়ত্ত দেশের একমাত্র সিমেন্ট উত্পাদনকারী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানিকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্পে রূপান্তরের প্রক্রিয়া চলছে। সে লক্ষ্যে ২০১৬ সালের ৮ মার্চ একনেক সভায় ড্রাই প্রসেস প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নানজিং সি-হোপ নামের একটি চায়না কোম্পানি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ৮৯২ কোটি টাকা ব্যয়ের এ নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। কাজের তদারকির জন্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কন্টিনেন্টাল ইন্সপেকশন বিডি লিমিটেড নামের একটি ফার্মকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিআইসি। কিন্তু প্রকল্পের অনেক গুরুত্বপূর্ণ কাজ চলমান থাকলেও এ পর্যন্ত কোনো পরামর্শক প্রকল্প পরিদর্শনে আসেনি।

ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পরিচালক এফ এম আব্দুল বারী জানান, অনলাইনে তাদের পরামর্শ নেওয়া হয় এবং প্রকল্প পরিদর্শনে ফার্মকে চিঠি দেওয়া হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে তারা প্রকল্প এলাকায় আসবে বলে কথা রয়েছে। এছাড়া নানজিং সি-হোপ কর্তৃক প্রদত্ত ড্রয়িং ডিজাইন যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ২০১৯ সালের ১৭ নভেম্বর বিসিআইসির ২১ জন বিশেষজ্ঞ নিয়ে আরেকটি টিম গঠিত হলেও প্রকল্পের ডিরেক্টর এ ব্যাপারে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে, প্রকল্পে নামমাত্র এক জন ডিরেক্টর থাকলেও অনেকটা বিনা তদারকিতে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে চায়নার এ কোম্পানি। ফলে কারখানার কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও দু-একজন স্থানীয়দের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এসব ব্যাপারে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক এফ এম আব্দুল বারী জানান, প্রকল্পে দায়িত্ব নেওয়ার পর থেকেই সব কাজের তদারকি হচ্ছে অনলাইন মাধ্যমে।