বিজেপির চ্যালেঞ্জ নিতে শুধুই কি মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে লড়বেন মমতা ব্যানার্জি? তৃণমূল কংগ্রেসের একটি সূত্র তেমনই ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি সূত্রটি জানিয়েছে, তাদের প্রার্থীর তালিকায় টালিউডের একাধিক নায়ক-নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে। পালটা হিসেবে বিজেপি শিবিরেও প্রার্থী হতে চলেছেন একাধিক তারকা প্রার্থী। তবে তারকাদের মধ্যে কারা কারা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তা অনেকটাই স্পষ্ট হবে আজ। আজ শুক্রবার তৃণমূল ও বিজেপির একাংশের প্রার্থীর তালিকা প্রকাশিত হতে পারে। তবে যাকে নিয়ে কানাঘুষা, সেই সৌরভ গাঙ্গুলি নতুন করে সিদ্ধান্ত বদল না করলে আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না। বিজেপিকে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, কলকাতার ভবানীপুর মমতা ব্যানার্জির পুরোনো আসন। তিনি এবার সেই কেন্দ্রে সম্ভবত লড়ছেন না। শুধুই নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির চ্যালেঞ্জ নিয়ে তিনি ঐ কেন্দ্রেই মনোনিবেশ করতে চাইছেন। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন মমতার মন্ত্রিসভারই এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সূত্রে খবর, সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বীরবাহা হাসদা প্রার্থী হতে পারেন। তিনি গত বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার যোগ দিয়েছেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। কানাঘুষা চলছে, তিনিও প্রার্থী হতে চলেছেন। সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তারাও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজ চক্রবর্তী, মানালি দে, সৌরভ দাস, রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, পিয়া সেনগুপ্তও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাদের রাজনীতির ক্লাস নেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, এদের কয়েক জনকে প্রার্থীর তালিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
বিজেপি থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অঞ্জনা বসুর। দৌড়ে রয়েছেন হিরন, শ্রাবন্তীও। কিছুদিন আগে যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, তনুকা চট্টোপাধ্যায়, সোহিনি সরকার, সৌমিলি বিশ্বাস বিজেপিতে যোগ দিয়েছেন। আগে থেকেই রয়েছেন রিমঝিম মিত্র। বিজেপির একটি অংশের বক্তব্য, তৃণমূলের পালটা জবাব দিতে তাদের প্রার্থীর তালিকায়ও টালিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যেতে পারে।
