জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘মুজিবনগরে শিগগির রেল সংযোগ স্থাপন করব। এ বিষয়ে ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই টাকা কাজে লাগিয়ে দেশের সর্বাধুনিক মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। আমাদের এই উন্নয়ন অব্যহত রাখতে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।
আজ শুক্রবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জনপদের নাম হওয়ায় মুজিবনগরবাসী দীর্ঘদিনের দাবি ছিল মুজিবনগরে একটি সরকারি স্কুল প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধানমন্ত্রী মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করে সেই দাবি পূরণ করেছেন। একই ভাবে বঙ্গবন্ধুর নামের এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমাকে জনপ্রশাসনের মত গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন। মুজিবনগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি’।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পত্নী সৈয়দ মোনালিসা হোসেন, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আযুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল।
আরও পড়ুন: পরাজয়ের পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছে: কাদের
স্বাগত বক্তব্য দেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। এর আগে তিনি সকালে মুজিবনগর পৌঁছে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে তিনি মুজিবনগর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
ইত্তেফাক/এমআই
