কুমিল্লায় ১৩ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৮:১২

কুমিল্লায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীকে আহবায়ক করে জেলা প্রশাসনের ৪ সদস্যের এবং অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুনকে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ। 

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অপর সদস্যরা হচ্ছেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপন দেবনাথ, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ ও কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সহকারী পরিচালক রতন কুমার নাথ।  

আরো পড়ুন: সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুনকে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন- চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মাহফুজ।

ইত্তেফাক/জেডএইচ