দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় প্রাচীনতম প্রতিষ্ঠান শ্রীশ্রী শ্মশানকালীবাড়ী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটায় বলে জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ। মন্দির কমিটির সম্পাদক সুবল চন্দ্র চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পূজারি সন্ধ্যা আরতি শেষ করে মন্দিরের কেচি গেইট এবং প্রধান ফটক তালাবদ্ধ করে চলে যান। শুক্রবার সকালে প্রতিবেশী শিবানী তালুকদার মন্দির প্রাঙ্গণে পূজার ফুল তুলতে গিয়ে দেখিতে পান কেচি গেটের ফাঁক দিয়ে লম্বাকৃতির একটি বাঁশ ঢুকানো। কাছে গিয়ে দেখতে পান উক্ত বাঁশ দিয়ে কে বা কারা কালীমূর্তির মাথা ভেঙে মাটিতে ফেলে রেখে গেছে। তিনি তাত্ক্ষণিকভাবে বিষয়টি এলাকার লোকজন ও কমিটিকে জানালে নেতৃবৃন্দ ঘটনাটি প্রশাসনকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল, দুর্গাপুর সার্কেল এএসপি মাহমুদা শারমীন নেলী, ওসি শাহনুর এ আলম ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মন্দির কমিটির সম্পাদক সুবল চন্দ্র চৌধুরী বাদী হয়ে দুর্গাপুর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসন তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
