ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলার বাতকা ইউনিয়নের কালিঘর নামক স্থানে সড়কে স্থাপনা নির্মাণ করার অপরাধে আ. বারেক নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে কালিঘর-কুশমাইল সড়ক দখল করে আ. বারেক ও তার লোকজন স্থাপনা নির্মাণ শুরু করলে পুলিশ তাকে আটক করে। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিঘর নামক স্থানে আ. বারেক ও তার লোকজন সড়কে ঘর উত্তোলন করতে পারে এমন অভিযোগ পাওয়ার পর তাদেরকে সড়কে ঘর উত্তোলন না করতে নিষেধ করা হয়। নিষেধ উপেক্ষা করে তারা শুক্রবার সকালে সড়কে ঘর উত্তোলন শুরু করলে আ. বারেককে আটক করা হয়। পরে সড়কে ঘর উত্তোলন করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
