জ্যাকুলিনে ভরসা অক্ষয়ের!

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৭

বিনোদন ডেস্ক

 

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফর্নান্দেজ বলিউডে যে পোক্ত আসন গড়েছেন এ কথা বলার অবকাশ রাখে না। তার প্রমাণ তিনি একাধিক মাধ্যমে দিয়েছেন। করোনার পর নিউনরমাল সময়ে কাজে ফিরতেই একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারকারা। ব্যতিক্রম নন জ্যাকুলিনও। তার হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা। গত মাসে শুরু করেছেন ‘বচ্চন পাণ্ডে’ শিরোনামের একটি সিনেমার শুটিং। সম্প্রতি সেই সিনেমার কিছু ছবি জ্যাকুলিন তার ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। সিনেপ্রেমীদের কাছে তার নতুন লুক বেশ প্রশংসিত হয়। এরইমাঝে নতুন আরো একটি সুখবর পেলেন জ্যাকুলিন ও তার ভক্তরা। বলিতারকা অক্ষয় কুমার ‘রাম সেতু’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষাণা দিলেন। আর এই সিনেমাতেই নায়িকা হিসেবে জ্যাকুলিনকে বেছে নিয়েছেন তিনি। এরইমধ্যে আগামীবছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির দিনও ঠিক করে ফেলেছেন এই অভিনেতা। এ বছরের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। অক্ষয়ের সঙ্গে নতুন কাজ ও নিজের ব্যস্ততা নিয়ে জ্যাকুলিন বলেন, ‘বর্তমানে বচ্চন পাণ্ডের শুটিং নিয়ে খুব ব্যস্ততা চলছে। এই ছবিতে ভিন্ন জ্যাকুলিনকে দেখবেন দর্শকরা। যার প্রমাণ এরইমধ্যে কিছুটা প্রকাশ করেছি। আর এরমাঝে নতুন সিনেমার খবরে বেশ উচ্চ্বসিত আমি। অক্ষয়ের সঙ্গে কাজ মানেই অন্যরকম কিছু। ক্যারিয়ারে নতুন সাফল্য। তবে নতুন এই ছবিটির সম্পর্কে এখনই কিছু প্রকাশ করতে চাই না। এটা আমার ভক্তদের জন্য না হয় চমক হয়েই থাকুক।’

অক্ষয় বলেন, ‘আমার এই নতুন প্রজেক্টে জ্যাকুলিনকেই পারফেক্ট মনে হয়েছে। তাই তাকে নায়িকা হিসেব বেছে নিয়েছি। তাছাড়া জ্যাকুলিনের কাজ কতটা প্রশংসিত সেটা সবাই জানেন। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াও দারুণ। নিশ্চয় দারুণ কিছু হবে।’