বিনোদন রিপোর্ট
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে ৬ নারী নির্মাতার চলচ্চিত্র নিয়ে আয়োজন ‘জয়িতা চলচ্চিত্র উত্সব-২০২১’। মুজিব জন্মশতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস এক মঞ্চে সিনেমার মাধ্যমে তুলে ধরাই এই উত্সবের লক্ষ্য। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে এই উত্সবটি আজ থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে।
আজ সকাল ১১টায় উত্সবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জানা গেছে, ৩ দিনব্যাপী এ উত্সবে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানি কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজীবা খানের ‘দ্য আনওয়ানটেড টুইন’ ছবিগুলো প্রদর্শিত হবে ।
নারী চলচ্চিত্র নির্মাতাদের ছবি নিয়ে সাজানো এই উত্সবটি প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে উত্সর্গ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উত্সবে অংশ নিতে পারবেন।
