করোনা সংক্রমণ রোধে কুয়েতে এক মাসের কারফিউ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৪২

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী এক মাসের জন্য কারফিউ জারি করেছে কুয়েত সরকার। দেশটিতে এক দিনের হিসাবে আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টির পর গত বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে একেবারে অত্যাবশ্যকীয় না এমন খুচরা বিভিন্ন দোকান খোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে কুয়েত সরকার। এছাড়া কুয়েতের নাগরিক না এমন ব্যক্তিদের দেশে প্রবেশনিষিদ্ধ করলেও গত সপ্তাহে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় আরো কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে কুয়েত সরকারের এক মুখপাত্র বলেন, কুয়েতে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে। আগামী ৭ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে কারফিউ।

তিনি আরো বলেন, কারফিউ চলাকালে মানুষ নামাজ পড়তে মসজিদে যেতে পারবে। এছাড়া ফার্মেসি ও খাবারের দোকান অবশ্যই তাদের পণ্য সরবরাহ সেবা দিতে পারবে। কারফিউ জারির আওতায় সব সরকারি পার্ক এবং বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকবে। এ আইনে বাড়ির বাইরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।