স্পোর্টস রিপোর্টার
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবীন (অব.)। মুবীনের সঙ্গে টেবিলে ১৬ জন বৈঠক করবেন। কারা হবেন ১৬ পরিচালক, সেটা নির্ধারণ করতেই আজ ভোট। ১৬টি পরিচালক পদে ২০ জন লড়াই করবেন। কোন চার জন বাদ যাবেন সেটা জানতে পাখির চোখ রাখছেন ক্রীড়াঙ্গনের মানুষগুলো। রেডিসন হোটেলে মোহামেডানের নির্বাচন, বেলা ২-৬টা পর্যন্ত ভোট গ্রহণ। ৩৩৭ জন ভোটার।
ক্রীড়াঙ্গনের মানুষগুলো জেনে গেছেন ২০ প্রার্থীর নাম। জেনে গিয়েছেন এই নির্বাচনে কোথায় কোথায় শীর্ষমহলের আশীর্বাদ ছিল এবং আছে। ধারণা করা ছিল সমঝোতার নির্বাচন হবে। সবই ঠিকঠাক ছিল। কিন্তু পরিকল্পনার শেষ প্রান্তে এসে পথ হারিয়েছে সমঝোতা। তার পরও অনেক নাটকও হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে ১৬ পরিচালখ চূড়ান্ত হয়ে যেতে পারে। আজ নির্বাচন নাও হতে পারে। এরই মধ্যে অনেক নাটক হয়ে গেছে।
নির্বাচন যাই হোক ক্রীড়াঙ্গনের মানুষগুলোর কথা হচ্ছে আগামীকাল হতে মোহামেডান যদি স্বমহিমায় আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে তবেই আজকের নির্বাচন স্বার্থক হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে এই সংগঠন আবার আর্থিক সংকটে ভুগবে। যেসব সংকট লেগেছিল তার আরো বড় আকারে ফুটে উঠবে। এখন সময়ের অপেক্ষা।
