কুষ্টিয়ায় ডিজিটাল আইনে গ্রেফতারকৃত প্রভাষকের এক দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:২৭

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিবুল আলম ইভানের (৫২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান গত বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীমের আদালতে আসামিকে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার কলেজ শিক্ষক রাজিবুল আলমের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনার বিষয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সাদ আহমেদ। সহকর্মীর এই স্ট্যাটাসের সূত্র ধরে একই কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক রাজিবুল আলম ইভান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং তার চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতাকে এ ঘটনার জন্য দায়ী করে কমেন্ট বক্সে কমেন্ট করেন। এই কমেন্ট দেখে সংক্ষুব্ধ হন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজু। ঐ পেজটির স্ক্রিনশট নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর তিনি কুষ্টিয়া মডেল থানায় রাজিবুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

শিক্ষক রাজিবুল আলম ইভান এই মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক গত ১৮ ফেব্রুয়ারি কুষ্টিয়ার সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ হাবীবুল ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কুষ্টিয়া জেলা কারাগারেই রয়েছেন এই কলেজ শিক্ষক।