হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে কানাডা থেকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে উড়োজাহাজটি। এর আগে বৃহস্পতিবার কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়। নতুন এই উড়োজাহাজের নাম ‘শ্বেতবলাকা’ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর উড়োজাহাজটিকে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি বিমানবহরে যুক্ত হয়।
