কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশনের অদূরে মিলপাড়ায় রেল লাইনের ওপর দণ্ডায়মান ট্রলির সঙ্গে ধাক্কা লেগে মালবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে কুষ্টিয়া-রাজবাড়ী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে দায়িত্বে অবহেলায় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রেনটি দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়ায় মিলপাড়ায় পৌঁছালে রেললাইনের ওপর থেমে থাকা রেলওয়ে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ধাক্কায় ট্রলিটি ওয়াগনের চাকায় আটকে ২২টি ওয়াগনের মধ্যে পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে হতাহত কেউ হয়নি। এদিকে এ দুর্ঘটনার ফলে কুষ্টিয়া-রাজবাড়ি ও গোয়ালন্দ-ফরিদপুরের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় দপ্তর সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
ট্রেনের ড্রাইভার মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এসময় মিলপাড়া এলাকায় রেললাইনের ওপর দণ্ডায়মান রেলওয়ে বিভাগের একটি ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়।
রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের প্রকৌশলী বিরবল মন্ডল জানান, কর্তব্যে গাফিলতির কারণে এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত ও চার সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
