বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে ডিজিটাল নিরাপত্তা আইনের পর্যালোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার ভার্চুয়ালি অনুষ্ঠিত পার্টির পলিটব্যুরোর সভায় এই আহ্বান জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নতুন করে চলমান বিতর্ক সম্পর্কে পলিটব্যুরোর সভায় অভিমত প্রকাশ করা হয় যে, এই আইনে কারাবন্দি থাকাবস্থায় মুক্তবুদ্ধির অনুসারী মুশতাকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই আইন বাতিলের বিষয়ে যে দাবি উত্থাপিত হয়েছে সেটির ভিত্তিতে আইনটির পূর্ণাঙ্গ পর্যালোচনা জরুরি হয়ে পড়েছে। ১৪ দলেও এর পর্যালোচনা বিশেষ প্রয়োজন। ওয়ার্কার্স পার্টি এই আইন প্রণয়নের সময়ই নির্দিষ্ট ধারাসমূহ সম্পর্কে প্রবল আপত্তি উত্থাপন করেছিল।
সভায় অপর এক প্রস্তাবে বন্ধকৃত পাটকলসমূহকে স্কপ ও পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদের প্রস্তাব অনুযায়ী আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই খুলে দেওয়ার দাবি জানানো হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মূল বিষয়সমূহের ওপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন—পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, হাজেরা সুলতানা প্রমুখ।
