আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন চার জন। গতকাল থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু করেছে দলটি। আগামী ১০ মার্চ পর্যন্ত দলটি এ আসনে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ফরম ক্রয় করা ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। প্রথম দিনে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহকারীরা হলেন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, চট্টগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল বাকীন ভূঁইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল সম্প্রতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ, বাছাই হবে ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। জানা গেছে, এ উপ-নির্বাচনে সংসদ সদস্য হতে লড়তে চান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) এক ডজনেরও বেশি নেতা। প্রথম দিনে আওয়ামী লীগের চারটি মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি তথ্য ইত্তেফাককে নিশ্চিত করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে বেশ কয়েক জন নেতা দলের উচ্চ পর্যায়ে দৌড়ঝাপ শুরু করেছেন।
