শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় বেড়েছে মশার উত্পাত। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। বিশেষ করে জলাশয় ও পৌরসভা নির্মিত খোলা নর্দমার আশপাশ দিয়ে চলাচল দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দেখা যায়, স্থানে স্থানে নোংরা পানির নর্দমা ও খোলা ড্রেনগুলোতে ভন ভন করে উড়াউড়ি করছে মশার ঝাঁক। স্থানীয় বাসিন্দা চৌধুরী জুনাইদ বলেন, মশার কারণে সন্ধ্যার পর ঘরে বা বাইরে কোথাও দাঁড়িয়ে থাকা যায় না। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, খুব দ্রুত মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হবে।
