টেকনাফে ৪৯,৫০০ ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৫

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ব্যাগ ভর্তি ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, শনিবার ভোররাতে কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ বরইতলীর বায়তুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় ধাওয়া করে শামসুল আলম এবং জামাল হোসেনকে একটি প্লাস্টিকের বস্তা ও ব্যাগসহ আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কিছু নগদ টাকা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মোংলায় গাঁজাসহ আটক ১

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোংলায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরতলীর জয়বাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়বাংলা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুরে ইয়াবাসহ আটক ৯

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও সাত মাদকাসক্তকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, বুড়িরহাট রোড পান্ডারদিঘী এলাকার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মামুনকে এবং সাতগড়া এলাকা থেকে আরো ১০০ পিস ইয়াবাসহ আশরাফ আলীকে আটক করা হয়। তাছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে মাদকাসক্ত আরো সাত জনকে আটক করা হয়েছে।

নকলায় ইয়াবাসহ আটক ২

নকলা (শেরপুর) সংবাদদাতা জানান, নকলা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাতে ১০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, পুলিশ বাজারদী এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। পরে শনিবার সকালে নকলা থানায় মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে।