পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
ভারত থেকে ৪৬টি সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। লালমনিরহাটের দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তের ৭ নম্বর মেইন পিলার ও ৩১ নম্বর সাব-পিলারের কাছে শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। রাতেই বিজিবি বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করে। বিজিবি ও থানাপুলিশ জানায়, ঐ সীমান্ত দিয়ে ভারত থেকে চারটি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম ও রাকিব বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের আটক করে ও তাদের কাছ থেকে ৪৬টি সাপ, আংটির ১৪০টি পাথর এবং চারটি মোবাইল সেট উদ্ধার করে। হামিদুল ইসলাম ঢাকার সাভারের পোড়াবাড়ী এলাকার অপিকুল ইসলামের ছেলে ও রাকিব একই এলাকার কাত্তার মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অমান্য ও প্রাণী কল্যাণ আইনে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে এবং পাটগ্রাম থানাপুলিশে সোপর্দ করে। পাটগ্রাম থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের আদেশে সাপগুলোকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দেওয়া হয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
