সিরাজগঞ্জে পুলিশের স্বাক্ষর জাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা পুলিশের সীলমোহর ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার। আটককৃতরা হলেন—সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম, আব্দুল্লাহ ও সিএনজি চালক স্বপন শেখ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ, স্বপন ও সাদিকুল সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখার ওসির সীলমোহর ও স্বাক্ষর জাল করে এক মাস যাবত্ সদর উপজেলার শিয়ালকোলস্থ অ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩০০ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল। এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের মূল পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখাকে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দয়ের করা হয়েছে।
