চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল পৌরসভার সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা হামলায় চার জন আহতের ঘটনায় মামলা হয়েছে। ঐ বাড়ির বাসিন্দা বেলায়েত হোসেন বাদী হয়ে শুক্রবার বিকালে চার জনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির মো. রাজু বেলায়েত হোসেনের ছেলে জুনায়েদ হোসেনকে মারধর করেন। বেলায়েতের স্ত্রী এর প্রতিবাদ করলে রাজু তাকেও মারধর করেন। বিকেলে পুনরায় রাজুর নেতৃত্বে তার বাবা জাহাঙ্গীর হোসেন কাজলসহ পরিবারের চার জন বেলায়েতের ঘরে ঢুকে তার স্ত্রী সাদেকা খানম, মেয়ে শান্তা ইসলাম রিমা ও জান্নাতুল ইসলাম তিথিকে বেদম মারধর করেন। এদের মধ্যে গুরুতর আহত সাদেকা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
