ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে রেল, সড়ক ও নৌ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, যোগাযোগ অবকাঠামোর পরিকল্পনামাফিক ও কার্যকর উন্নয়ন করা গেলে উভয় দেশের বাণিজ্যের ব্যয় কমবে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশ বিশেষত নেপাল, ভুটান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়ার সঙ্গেও বাণিজ্য বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সম্প্রতি ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের আয়োজনে এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, এক্ষেত্রে বাংলাদেশ-ভারতের ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তাদের মধ্যেও যোগাযোগ ও ব্যবসা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা, অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভারতের শিক্ষাবিদ ও বিপণন বিশেষজ্ঞ ড. ইয়োশোদা দুর্গা। এন্ট্রাপ্রেনিওরশিপ ইকোনমিস্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যপ্রদেশের সেন্ট অ্যালোয়সিয়াস কলেজের ড. আশু জেইন, বাংলাদেশের নারী উদ্যোক্তা ও ওয়েন্ডের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সারা তাসনীম প্রমুখ।
