শিবালয়ে কাশাদহ খাল পুনর্খনন শুরু

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:১৪

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

৪৪ বছর পর কাশাদহ খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালের খনন শুরু হওয়ায় কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে যমুনার উত্সমুখ দক্ষিণ শিবালয় থেকে রিশাদী হয়ে কাশাদহ পর্যন্ত খাল সংস্কারের কাজ গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। প্রকল্প শেষ হলে বোয়ালী, আনুলিয়া, দুবুলিয়া, আড়পাড়া, রিশাদী, নবগ্রাম, দাশকান্দিসহ পার্শ্ববর্তী এলাকার জমিতে সেচের সুবিধা বৃদ্ধি পাবে। এ ছাড়া খালের পূর্ব প্রান্তে ইছামতী নদীবাহিত পানিতে এলাকার অন্তত ৩০ হাজার হেক্টর ফসলি জমি সেচের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এ বছরের জুন মাস পর্যন্ত কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।