ইত্তেফাক রিপোর্ট
সংবাদ সম্মেলনে এক গৃহবধূ অভিযোগ করেছেন, স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুক মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার ভাষায়, যৌতুকের দাবিতে ঐ তাকে লোহার চেইন দিয়ে খাটের সঙ্গে বেঁধে স্বামী, দেবর ও মামাশ্বশুর পিটিছে। খবর পেয়ে যাত্রবাড়ী থানার পুলিশ তাকে উদ্ধার করে। পরে পুলিশের কাছে স্বামী হাসানুর রহমান হোসাইন নক্সাবন্দি মুচলেকা দিয়ে তাকে ঘরে তুলে নেন। এরপর আবারও তার ওপর চালানো হয় নির্যাতন। এক পর্যায়ে তাকে পিটিয়ে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন গৃহবধূ শিরিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন তার পিতা আব্দুল লতিফ ও মা রোকেয়া বেগম। শিরিনা আক্তার অভিযোগ করেন, গত বছরের ১৭ জুলাই স্বামী, দেবর ও শ্বশুর তার হাত-পা চেপে ধরে। তার স্বামী স্টিলের কাঁটা চামচ দিয়ে চোখে ও পেটে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়। ঐ ঘটনার পর তার পিতা স্বামী হাসানুরের হাতে যৌতুকের ৩ লাখ টাকা তুলে দেন। ২৯ নভেম্বর তারা আরো টাকার দাবিতে নির্যাতন চালায়। পরে তিনি আদালতে মামলা করেন। এর পর থেকে তাকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা সুষ্ঠুভাবে পরিচালনা ও তার জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করেছেন।
