চট্টগ্রামে মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেট

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:২০

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ইস্পাহানি মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেটে অবশেষে জয়ের স্বাদ পেল শহিদ শাহাজাহান সংঘ মাস্টার্স। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শাহাজাহান সংঘ মাস্টার্স ২৬ রানে এনএমসি মাস্টার্সকে পরাজিত করে। টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫২ রান। বিপ্লব (৩৬), রানা (২৯) ও নাজমুল আহসানের (১৩) রান দল পৌঁছে যায় সম্মানজনক অবস্থানে। বোলার ফয়সাল দস্তগীর (২/২৯) ছাড়া অন্যরা ছিলেন নিষ্প্রভ। জবাবে রিয়াদ (৩৮) ও নোমান (২২) রান করেও অন্যদের ব্যর্থতার কারণে ১৯.৪ ওভারে ১২৬ রানে থেমে যায় এনএমসির চাকা। তবে প্রতিপক্ষ বোলার হাসান ১৫ রানে ৩ এবং রিপন ৩১ রানে ২ উইকেট দখল করলে শাহাজাহান সংঘের জয় তরান্বিত হয়। জয়ী দলের বিপ্লব হন ম্যান অব দ্য ম্যাচ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাহবারে আনোয়ার।