যশোরে উদীচী ট্র্যাজেডি দিবসে শহিদদের স্মরণ বিচার না হওয়ায় ক্ষোভ

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৫৫

দীর্ঘ ২২ বছরেও উদীচী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে না পারায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যশোরবাসী। শনিবার বিকেলে শহরের টাউন হল রওশন আলী মঞ্চে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মঞ্চের পাশে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও ১০ জন শহিদকে স্মরণ করে ১০টি মশাল প্রজ্বালন করা হয়।

উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আহসান হাবীব, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বোমা হামলায় আহত সুকান্ত দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী হত্যাকাণ্ডের সময় স্বাধীনতার সপক্ষের সরকার ক্ষমতায় ছিল। বিগত একযুগ ধরে সেই একই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। অথচ ২২ বছরেও উদীচী হত্যাকাণ্ডের বিচার হয়নি। অবিলম্বে উদীচী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আলোচকরা।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন।