মো.কবির হোসেন (সুজন), প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য নতুন করে সংশোধিত পাঠ্যসূচি প্রণীত হয়েছে। এই সংশোধিত পাঠ্যসূচিতে ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য মোট ছয়টি অধ্যায় রয়েছে। যার মধ্যে প্রথম অধ্যায় অন্তর্ভূক্ত। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের প্রথম অধ্যায় হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। তোমরা প্রথমে পুরো অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ে নিবে। তাহলে জ্ঞানস্তরসহ সকল প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না।
উদ্দীপক:কৃষক জমিতে ফসল ফলানোর উদ্দেশ্যে প্রথমে বীজ হতে চারা, চারা হতে ধান রোপন পরবর্তীতে এর থেকে ভালো ফসল ফলানই তার উদ্দেশ্যে। এই উত্পাদিত ফসল কৃষক আবার মৌসুমী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। মৌসুমী ব্যবসায়ীরা তা আড়তদারদের কাছে সরবরাহ করে। তারা আবার পরিবহনের মাধ্যমে এই সব ধান গাড়িতে করে নিয়ে তাদের গুদামে রাখে এবং মৌসুমী ব্যবসায়ীদের পাওনা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। আড়তদারদের কাছ থেকে মিলস্ মালিকেরা এই সব ধান কিনে নিয়ে মিলসে্ ভাঙ্গিয়ে মিনিকেট চাল নামে বিভিন্ন পাইকারী ব্যবসায়ীদের কাছে আবার বিক্রি করে। পাইকারী ব্যবসায়ীরা নিজে ঝুঁকি না নিয়ে ঝুঁকির বিনিময়ে এই সব পণ্য দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন।
ক) লেনদেনের পৌন:পুনিকতা কী?
খ) প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে কৃষকদের এই কর্মযজ্ঞ কোন ধরনের শিল্প? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে পণ্য পৌঁছানোর এই পদক্ষেপ গুলো ব্যবসায়ের কোন ধরনের শাখা হতে পারে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর:লেনদেনের পৌন:পুনিকতা বলতে বারেবারে ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জনের প্রয়াসকে বোঝায়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর:গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।
গ্রাহক সরাসরি যে সকল সেবা পেয়ে থাকে তাকে প্রত্যক্ষ সেবা বলা হয়। মুনাফা অর্জনে উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নিঃসন্দেহে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়ে উপকৃত হয় বা তৃপ্ত হয়। পণ্যের মতো এটাকে বিক্রয় করা যায় না বা হস্তান্তর করা যায় না।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:উপরের উদ্দীপকে কৃষকদের এই কর্মযজ্ঞ প্রাথমিক শিল্পের অন্তর্গত।
প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়। অর্থাত্ প্রকৃতির সহায়তা নিয়ে কোনো কাজ শুরু করা বা কোনো কাজ শুরু করার মৌলিক উপকরণকে প্রাথমিক শিল্প বলা হয়। উপরের উদ্দীপকের আলোকে কৃষক জমিতে ফসল ফলাতে গিয়ে প্রথমে বীজ সংগ্রহ করতে হয়। এই বীজ থেকে চারা উত্পাদন হয় এই চারা রোপনের মাধ্যমে ধান উত্পাদন হয়। এই সকল কাজগুলো প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের প্রাথমিক পদক্ষেপ। যেমন: বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা সংগ্রহ ইতাদি। উপরের উদ্দীপকে যে কাজগুলো ঘটেছে তার সবই প্রকৃতির সহায়তার অংশ। তাই এই ধরনের সম্পদ অর্থাত্ ধান সংগ্রহ করাকে প্রাথমিক শিল্প বলা হয়।
