যুব দল ভারতে যাচ্ছে ১৫ মার্চ

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৫১

আফগান সিরিজ

স্পোর্টস রিপোর্টার

আকবর আলীদের বিশ্বকাপ জয়ের পর গঠিত হয়েছে নতুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু করোনার কারণে কোনো সিরিজ খেলা হয়নি নবগঠিত যুব দলের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। সিরিজটি অনুষ্ঠিত হবে আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডাতে। সিরিজে আফগানদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে টাইগার জুনিয়ররা।

দ্বিপাক্ষিক এ সিরিজ খেলতে আগামী ১০ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের যুবাদের। কিন্তু তাদের যাত্রা পাঁচ দিন পিছিয়েছে। আগামী ১৫ মার্চ ভারতে যাবে যুবদল। এ প্রসঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এই এম কাওসার গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিরিজটি আফগানিস্তানের হোম ভেন্যুতে গড়ালেও মহামারিকালে নিউ নরমালের যাবতীয় নিয়মকানুন মেনেই ভারতের নয়ডায় যেতে হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকেও। সেকারণেই তাদের পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশা করছি ১৫ তারিখেই সিরিজ খেলতে ভারতে যেতে পারব।’