রংপুর অফিস
বৃহস্পতিবার রাতে রংপুরের চিকিত্সা পল্লীখ্যাত মেডিক্যাল মোড় ধাপ এলাকা থেকে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। বিভিন্ন চিকিত্সকের চেম্বার, ক্লিনিক, হাসপাতাল ও ডায়গোনস্টিক সেন্টারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ধাপ এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল অবস্থান নেন। সেখানে থাকা ওই অভিযানিক দল দালালদের পর্যবেক্ষণে রাখেন। পরে তাদের আটক করা হয়। তিনি আরো জানান, এরা বিভিন্ন চিকিত্সকের চেম্বার, ক্লিনিক, হাসপাতাল ও ডায়গোনস্টিক সেন্টারে রোগী দেয়ার বিনিময়ে কমিশন পেতেন। আটকদের বিরুদ্ধে এসআই আশিকুন নবী খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
রংপুরে নাইম জুট মিলে অগ্নিকাণ্ড
রংপুর মহানগরীর বিসিক শিল্প নগরীর নাইম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ফলে মিলের গোডাউনে থাকা পাট পুড়ে গেছে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার শ্রমিকরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে কারখানার মেশিনের ঘর্ষণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা পাটের গাদিতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ এ খবর লেখা পর্যন্ত নিরূপণ করা যায়নি। তবে গোডাউনে থাকা কিছু পাট পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে কিছু পাট পানিতে ভিজে গেছে।
