কমলগঞ্জে ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৭

কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ধান কাটা শুরু করেছেন। মাঠে মাঠে কৃষকের সোনালি ফসলে নবান্নের আমেজ। নানা দুর্যোগ পেরিয়ে মাঠে মাঠে সোনালি ফসল কৃষকদের ব্যাপক উত্সাহ, উদ্দীপনার যোগান দিয়েছে। নবান্নের শুরুতে কৃষি অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকরা সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে উঠছেন।  কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ১৭ হাজার ৩ শত হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের পরও ফসল ভালো হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলার শমশেরনগর, পতনঊষার-সহ বিভিন্ন স্থানে ফসল তোলা শুরু করেছেন কৃষকরা। গতকাল সরেজমিন শমশেরনগর ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে ধান কাটার চিত্র চোখে পড়ে। মরাজানের পার গ্রামের হাফিজ মো. মনিরুদ্দীন বলেন, আমার প্রায় ১৮ কিয়ার জমিতে ফসল ভালো হয়েছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা ইত্তেফাককে বলেন, উপজেলায় বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। তবে কৃষি বিভাগের সার্বিক নজরদারিতে এ বছর ফসল ভালো হয়েছে এবং বাম্পার ফলনও হবে। তাই কৃষকরাও খুশি বলে তিনি দাবি করেন          —ইত্তেফাক