ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি সংলগ্ন মোড়ে পাথরবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক তাহের মিয়া (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে পিকআপ ভ্যানের চাপায় এএসএম জুলহাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস ও আহত জাকারিয়া বগুড়া জেলা শহরের বৃন্দাবন পাড়া এলাকার তারাজুল ইসলামের ছেলে। জুলহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, চিকিত্সাধীন অবস্থায় রাতে জুলহাসের মৃত্যু হয়। আহত জাকারিয়া একই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলেও জানান তিনি।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রাকের চাপায় আব্দুল মান্নান শেখ (৬৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। নিহত মান্নান বড়াইগ্রাম উপজেলার গুনাইখাড়া গ্রামের মৃত মেজবাহারের ছেলে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের শরীফপুর সীমান্ত এলাকায় নিজ বাড়ির অদূরে ধানি জমিতে এক রাজমিস্ত্রীর লাশ পড়ে থাকতে দেখা গেছে। গতকাল শুক্রবার সকালে গ্রামবাসীরা শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ লাশটি দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও থানার পুলিশে খবর দেন। লাশটি মনোহরপুর গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে রাজমিস্ত্রী কামাল মিয়া (১৮)। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত)- সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।
মাদারীপুর ঃ মাদারীপুর ফরিদপুর মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে শুক্রবার সড়ক দূর্ঘটনায় গ্রিস প্রবাসী রবিউল ফকির (৩৫) মারা গেছেন। রবিউলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায়। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।
