পাইকগাছার বোয়ালিয়া ব্রিজের এক্সটেনশন জয়েন্টের লোহার অ্যাঙ্গেল পাত উপড়ে উঠে থাকায় যানবাহন চলাচল অসুবিধা হচ্ছে। প্রায় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে পাতটি ওপরের দিকে উঠে থাকায় ঝুঁকি নিয়ে ব্রিজের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজটি সাতক্ষীরা জেলার আশাশুনি, দরগাপুর, রাড়ুলীর সঙ্গে পাইকগাছা ও খুলনার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, ইজি বাইক, ইঞ্জিন ভ্যান, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ব্রিজের পাতটি দীর্ঘদিন ধরে ওপরে উঠে থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বোয়ারিয়া ব্রিজের মাঝ বরাবর একটি এক্সটেনশন জয়েন্টের অ্যাঙ্গল লোহার পাতের উত্তর পাশের অংশ ওপরে উঠে উঁচু হয়ে রয়েছে। দিনের বেলায় যানবাহন চলাচল অসুবিধা তেমন না হলেও রাতের বেলা বেশি দুর্ঘটনা ঘটছে। ব্রিজের ওপর কোনো আলো না থাকায় চালকরা লোহার পাতটি ঠিকমত দেখতে না পাওয়ায় পাতের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটছে। পাইকগাছার মটর সাইকেল চালক শফিকুল জানান, রাতের বেলায় লোহার পাতটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। ইজি বাইক চালক মনিরুল বলেন, লোহার পাতটি ঠিকমত দেখতে না পাওয়ায় ইজি বাইকের সঙ্গে লোহার পাতের ধাক্কা লেগে দুর্ঘটনা হয়। এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন এর কাছে জানত চাইলে তিনি বলেন, বোয়ালিয়া ব্রিজ লোহার অ্যাঙ্গেল পাতটি দেখার জন্য লোক পাঠানো হবে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন আজই আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব।
