সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিন জনের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৪৬

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মুবিন রাজ বাঁধন (২৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মুবিন পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে এবং বরিশাল চাখার কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মুবিন মাছ শিকারের জন্য বাড়ির সামনের পুকুরপাড় থেকে মূল সড়কে ওঠার সময় কাঠালিয়া উপজেলা থেকে ভাণ্ডারিয়ার চরখালিগামী একটি মালবাহী ট্রাক শিশুগাছে ধাক্কা দিলে গাছটি উপড়ে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় মুবিন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর (নরসিংদী) :শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির যাত্রী অজ্ঞাত (১২) মারা গেছে। পাঁচ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মনোহরদী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক রাসেল কবির জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

সিংড়া (নাটোর) : সিংড়ায় রবিবার বিকালে সড়ক দুর্ঘটনায় মো. ওয়ালিদ (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শালমারা গ্রামের আবু তাহেরের ছেলে। নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় মাইক্রোর সঙ্গে ধাক্কা লেগে ওয়ালিদের মাথায় আঘাত পায়। গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।