স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত শঠিবাড়ীর যাত্রা শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪০

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

‘আলোর পথে ভালোর সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুরের শঠিবাড়ীতে যাত্রা শুরু করেছে আলোকিত শঠিবাড়ী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শুক্রবার স্থানীয় মহাবিদ্যালয় মাঠে চিত্রাঙ্কন ও মেধা মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটিতে স্থানীয় শিক্ষিত যুবক, শিক্ষক ও ব্যবসায়ীসহ ৬৫ জন সদস্য রয়েছে। শুক্রবার সকালে শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে ১৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন এবং মেধা মূল্যায়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আরিফ ইবনে রউফ রিবন বলেন, সংগঠনটি মাদকমুক্ত এবং মননশীল, বিজ্ঞানমনস্ক ও শিক্ষিত প্রজন্ম উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। তরুণদের নৈতিক, আদর্শিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ও মানুষের সুদৃঢ় ভ্রাতৃত্ববোধ তৈরিতে কাজ করবে সংগঠনটি।