সুইজারল্যান্ডে মুখঢাকা পোশাক নিষিদ্ধ

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০০

সুইজারল্যান্ডে গণভোটে মুখঢাকা পোশাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম নারীদের বোরকা ও নেকাব। ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি) গণভোটের বিষয়টি সামনে আনলে রবিবার ৫১ দশমিক ২ শতাংশ মানুষ এর পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন ৪৮ দশমিক ৮ শতাংশ মানুষ। —বিবিসি

এই প্রস্তাবের ফলে কোনো ব্যক্তি জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্তোরাঁ, স্টেডিয়াম, গণপরিবহন এমনকি রাস্তায় হাঁটার ক্ষেত্রেও মুখ ঢাকা পোশাক পরা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাত্ করোনা থেকে রক্ষায় মাস্ক পরতে কোনো সমস্যা নেই। তবে ধর্মীয় উপাসনালয়ে এই নিয়মের ছাড় দেওয়া হবে। গণভোটে মুসলিমদের পোশাককে সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিষদভাবে এটিকে ‘বোরকা নিষেধ’এর ইঙ্গিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেশটির শীর্ষ ইসলামী গোষ্ঠী সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিম একে মুসলিমদের জন্য ‘একটি কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানান, আজকের এই সিদ্ধান্ত পুরোনো ক্ষতকে উন্মুক্ত করল, আইনি বৈষম্যের নীতিকে আরো প্রসারিত করল এবং মুসলিম সংখ্যালঘুদের বর্জনের একটি স্পষ্ট বার্তা।