বিবিসি ও রয়টার্স
মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ নিরক্ষীয় গিনিতে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এসব বিস্ফোরণে আরো প্রায় ৫০০ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত রবিবার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিক ব্যারাকের কাছে এসব বিস্ফোরণ ঘটে।
গিনির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং এঙ্গেমা জানিয়েছেন, দিনের বেলায় ‘অবহেলাজনিত’ কারণে ব্যারাকের গুদামে এসব বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে বিস্ফোরণস্থল থেকে ওঠা বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে লোকজনকে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ করতে এবং ধসে পড়া ভবন থেকে ধ্বংসাবশেষ সরাতে দেখা গেছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট এঙ্গেমা বলেছেন, ‘বিস্ফোরণের ধাক্কায় বাটার প্রায় সব বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণসহ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। কৃষকেরা ব্যারাকের আশপাশের খেতে আগুন দেওয়ার কারণেও এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
