ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের উত্থান হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচক বাড়ল। মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের বড় উত্থান হলেও ডিএসইতে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে, প্রায় তার সমান সংখ্যক দরপতনের তালিকায় স্থান করে নিয়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১০৭টি। আর ১১১টির দাম অপরিবর্তিত রয়েছে।
মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমে গেছে। লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৭৬ কোটি ৭৫ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৫৫ কোটি ২৪ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিটপাওয়ার ৫২ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লাফার্জহোলসিম, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, জিবিবি পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
