রাজস্বে প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশেরও কম

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০২

অর্থবছরের প্রথম সাত মাস

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০২০-২১ অর্থবছরে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তার সঙ্গে তালমিলিয়ে আদায় হচ্ছে না। গত বাজেটে সরকার রাজস্বের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা এর আগের অর্থবছরের আদায়কৃত রাজস্বের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত হিসাব অনুযায়ী, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে রাজস্ব আদায় বেড়েছে মাত্র ৪ দশমিক ৪১ শতাংশ। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতির বর্তমানে কিছুটা উন্নতি হলেও অর্থনীতিতে সে হারে গতি আসেনি। অর্থনীতিতে গতি না এলে প্রত্যাশিত রাজস্বও আদায় হবে না। অন্যদিকে যতটুকু রাজস্ব আদায় হওয়ার কথা, কাঙ্ক্ষিত সক্ষমতার ঘাটতির কারণে এনবিআর তাও পুরাপুরি আদায় করতে পারছে না।  করোনা পরিস্থিতিতে গত ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায় বাড়েনি, বরং  এর আগের বছরের তুলনায় কমে গিয়েছিল সোয়া দুই শতাংশ। গত অর্থবছর সবমিলিয়ে এনবিআর রাজস্ব আদায় করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৬১ কোটি টাকা। চলতি বছর রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। অর্থাত্ গত অর্থবছরের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এমন কি স্বাভাবিক অর্থনীতিতেও তা সম্ভব নয়। স্বাভাবিক অর্থনৈতিক গতি থাকা সত্ত্বেও গত কয়েক বছরে গড়ে রাজস্ব আদায় বেড়েছিল ১৪ থেকে ১৫ শতাংশ হারে। অথচ এবার করোনা পরিস্থিতির মধ্যেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রায় ৪৮ শতাংশ।

এনবিআরের হিসাবে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে আয়কর, ভ্যাট (মূল্য সংযোজন কর) ও সম্পূরক শুল্ক মিলিয়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৩২ হাজার ১৬৬ কোটি টাকা। অর্থাত্ প্রতি মাসে গড়ে রাজস্ব আদায় হয়েছে ১৮ হাজার ৮৮১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অর্থবছরের পরবর্তী পাঁচ মাসে আদায় করতে হবে ১ লাখ ৯৭ হাজার ৮৩৪ কোটি টাকা। প্রতি মাসে গড়ে আদায় করতে হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা করে। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবে এটি সম্ভব হবে না। ফলে এবার লক্ষ্যমাত্রার তুলনায় বিশাল রাজস্বের ঘাটতিতে পড়তে যাচ্ছে এনবিআর। অর্থনীতিবিদ ও পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ইত্তেফাককে বলেন, চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়া হয়নি।  এনবিআরের রাজস্ব আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, প্রবৃদ্ধির হার বিবেচনায় অর্থবছরের প্রথম সাত মাসে সবচেয়ে বাজে অবস্থা ভ্যাটে। আলোচ্য সময়ে ভ্যাট আদায় বেড়েছে মাত্র ১ দশমিক ৯৩ শতাংশ হারে। আদায় হয়েছে ৫১ হাজার ৪২২ কোটি টাকা।