ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে।
এবারের পরীক্ষায় নিয়মে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অন্যান্যবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হতো। বিভিন্ন সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকেও ভোগান্তির কথা উঠে আসে। এবার শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের স্থান বেঁচে নিতে পারবে। তবে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের বিভাগীয় শহরকে যাতে শিক্ষার্থীরা কেন্দ্র হিসেবে পছন্দ করে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে এবার মোট আসন ৭ হাজার ১৩৩টি। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১০, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
সোনালী, অগ্রণী, জনতা অথবা রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। ১ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। শিক্ষার্থীরা ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। ১ এপ্রিল থেকে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিট এর পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পরীক্ষার সময়সূচি:
ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। মাধ্যমিকের জিপিএ-এর ওপর ১০ ও উচ্চমাধ্যমিকের জিপিএ-র উপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।
