যশোরে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৫১

যশোরের মণিরামপুরে আপন বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। গতকাল সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক এম এ হামিদ এই দণ্ডাদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের এনায়েত আলীর ছেলে আব্দুর রহিম তার আপন বোন নূরজাহান বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন। রায় ঘোষণার পর আসামি আব্দুর রহিমকে কারাগারে পাঠানো হয়েছে। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন যশোর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল কুমার রায়। অন্যদিকে, আসামিপক্ষে স্টেট ডিফেন্স হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আহাদ আলী লস্কর।