সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও বেআইনিভাবে সরকারের হস্তক্ষেপ চরমভাবে এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে আসন্ন অবশিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন। এর আগে শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
