ঢাবির ভর্তি পরীক্ষায় ইচ্ছেমতো কেন্দ্র পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা 

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চাইলে নিজের পছন্দ অনুযায়ী কেন্দ্র বাছাই করতে পারবে। করোনা ভাইরাসের এ সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুস্থ স্বাভাবিক রাখতে ও দুর্ভোগ লাগব করতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভর্তি পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘অন্যান্যবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হতো। বিভিন্ন সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকেও ভোগান্তির কথা উঠে আসে। আমাদের মহামান্য রাষ্ট্রপতিও এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। এসব বিষয়কে বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবার বিভাগভিত্তিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

কেন্দ্র পছন্দের বিষয়ে তিনি বলেন, ‘এবার শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের স্থান বেছে নিতে পারবে। তবে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের বিভাগীয় শহরকে যাতে শিক্ষার্থীরা কেন্দ্র হিসেবে পছন্দ করে। ভৌগোলিক কারণে কখনও নিজের বিভাগের চেয়ে অন্য জায়গা ভালো হয়। সেজন্য আমরা কেন্দ্র পছন্দের সুযোগ রাখছি।’

পরীক্ষার সময়ের কথা উল্লেখ করে অধ্যাপক আখতারুজ্জামান জানান, বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে কেন্দ্রে আসতে কিছুটা সময়ক্ষেপণ হতে পারে। সেজন্য আমরা ১০টার সময়টি ১১টায় নিয়ে এসেছি। এ ব্যবস্থা শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

পরীক্ষার নিরাপত্তার বিষয়ে উপাচার্য বলেন, ডিনবৃন্দ ও বিভাগীয় শহরের উপাচার্যদের সাথে সভা হয়েছে। সেখানে তারা এসব বিষয়ে আলোচনা করেছেন। তাদের সহযোগিতায় আমরা ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করবো। এটা প্রথমবার করছি, সামনে অনেকগুলো পথ উন্মোচিত হবে। বিভাগভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো আসন বিন্যাসের দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসনসংখ্যা ৭ হাজার ১৩৩ টি। এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১০, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে৷

ইত্তেফাক/এএএম