সাতক্ষীরা প্রতিনিধি
জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোট ভাইকে হত্যার এক দিন পর অভিযুক্ত বড় ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদোবাটরা গ্রামের বাগানে আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। এর আগে গত রবিবার রাত ৯টার দিকে শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোটভাই মনতাজ মল্লিক।
কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান, রবিবার রাতে ছোট ভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর এক দিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদোবাটরা গ্রামের একটি বাগানের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
