নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজি এবং আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৪টায় দিকে হঠাত্ শিলাবৃষ্টি শুরু হয়। নেত্রকোনা সদর উপজেলার কাওয়ালীকোনা গ্রামের কৃষক এস এম আরিফুল হাসান পুতুল জানান, প্রচণ্ড শিলাবৃষ্টিতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৬০ ভাগ টিনের ঘর বড় বড় শিল পড়ে ফুটো হয়ে গেছে। এছাড়াও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন শাকসবজি ও আম লিচুর মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, নেত্রকোনা জেলা সদরসহ পাঁচ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদেরকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে, তাতে শিলাবৃষ্টিতে অনেক কৃষকের টিনের চাল ফুটো হয়ে গেছে। শাক-সবজির ক্ষতি হয়েছে। বোরো ধানের তেমন ক্ষয় ক্ষতি হয়নি। কারণ এখনো ধানের শীষ বের হয়নি।
