জাহিদের হ্যাটট্রিক
স্পোর্টস রিপোর্টার
জাহিদ হোসেনের হ্যাটট্টিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আরামবাগ ৪-১ গোলে হারিয়ে দিয়েছে মোহামেডানকে। আরামবাগের জয়টা যত না আলোচিত তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন দলটির জাহিদ হোসেন। এই ফুটবলারকে নিয়েই যত চিন্তা আরামবাগ কোচ মারুফুল হকের। কারণ জাহিদ বেখেয়ালী এক ফুটবলার। জাতীয় দলে খেলার মতো যথেষ্ট সুযোগ থাকার পরও তিনি পারেননি নিজের জায়গা দখলে রাখতে। জাতীয় দলের বিদেশি কোচরা বলতেন জাহিদ চাইলেই ভালো খেলতে পারে। কিন্তু সে মনযোগী না। কোচ মারুফও বিরক্ত ছিলেন। তারপরও জাহিদকে নিয়ে চেষ্টা করে গেছেন। তারই ফল পেলেন কাল ময়মনসিংহের মাঠে। জাহিদের তিন তিনটি গোল উপভোগ্য। জাহিদ ফোনে বললেন, ‘ভাবিনি হ্যাটট্টিক হবে।’
জাহিদ ১২ মিনিটে প্রথম গোলের পরই আত্মবিশ্বাস পান ১-০। দ্বিতীয়ার্ধে সমতা এনেছিল মোহামেডান, ৫৯ মিনিটে। কায়সার রাব্বি গোল করেছিলেন ১-১। ৬৬ মিনিটে ফ্রিকিক থেকে জাহিদ দ্বিতীয় গোল করেন ২-১। জাহিদ জানান কোচ মারুফই তাকে ফ্রিকিকগুলো শিখিয়েছেন। ৭৭ মিনিটে নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউ স্কোর লাইন বাড়ান ৩-১। ৮৩ মিনিটে ওয়ানটাচের বল নিয়ে দর্শনীয় গোল করেছেন জাহিদ ৪-১।
চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টে পাকিস্তানের ইলেক্ট্রিক সিটি দলের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন জাহিদ। প্রিমিয়ার ফুটবল লিগে জাহিদ এক ম্যাচে তিন গোল করে শীর্ষে উঠে গেছেন গোল তালিকায়।
শেখ রাসেলের দ্বিতীয় জয়
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল আর ব্রাদার্সের লড়াই দারুণ জমে উঠেছিল। শেখ রাসেল ৩-২ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। শেখ রাসেলের নাইজেরিয়ান রাফায়েল ওদোইন ২, ব্রাদার্সের ব্রাজিলীয়ান লিনার্দো ২ গোল করেন।
খেলার শেষভাগে আত্মঘাতী গোলে শেখ রাসেল জয় পায়। হার দিয়ে ব্রাদার্সের শুরু।
